ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়েছে, তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে। সূত্র: টাইমস অব ইসরাইল
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে দেখা যায়, স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের দিকে ছোড়া হয়েছিল কিন্তু এটি সৌদি আরবে এসে পড়ে। তবে কোথায় এটি পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সংবাদমাধ্যমটি আরো জানায়, ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হলেও- এটি কোনো হুমকি তৈরি না করায় ইসরাইলে সাইরেন বাজানো হয়নি। সৌদি আরব বা হুতি গোষ্ঠী এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
হুতি গোষ্ঠী বুধবার আরো জানায় যে, তারা ইসরাইলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর ও তার আশপাশের অঞ্চলে ইসরাইল ও তার মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
এ বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে হামলা বন্ধ করলেও- গত মাসে ইসরাইলের নতুন আগ্রাসনের জবাবে গোষ্ঠীটি ফের হামলা শুরু করে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে আরো দেখা যায়, গত ১৮ মার্চ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর নতুন আক্রমণ শুরুর পর থেকে হুতি গোষ্ঠী ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়েছে, বাকিগুলো ব্যর্থ হয়েছে।

