ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর দাবি করেছেন, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। বুধবার (৯ এপ্রিল) তিনি বলেন, বাংলাদেশের জন্য ভারত যতটা ভাবছে, তার চেয়ে বেশি আর কোনো দেশ ভাবছে না এবং এটি ভারতের “ডিএনএ”-তে রয়েছে।
তিনি আরো আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দেয়ার সময় জয়শঙ্কর বলেন, “ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বহু দশক ধরে মজবুত এবং জনমুখী। ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল কামনা করে না।”
এছাড়া থাইল্যান্ডে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার পর এই মন্তব্য করেন তিনি। ওই বৈঠকের সময়, মোদি এবং ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার বিষয়ে আলোচনা করেন।
জয়শঙ্কর আরো জানান, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, “বাংলাদেশে কিছু মৌলবাদী প্রবণতা এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন।” তবে তিনি বিশ্বাস করেন যে, বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে।
এছাড়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “গণতান্ত্রিক ঐতিহ্যসম্পন্ন একটি দেশ হিসেবে বাংলাদেশে নির্বাচন অপরিহার্য। নির্বাচনই জনগণের ম্যান্ডেট প্রদান এবং পুনর্নবীকরণ করার সঠিক উপায়। তাই আমরা আশা করি, তারা সেই পথে এগিয়ে যাবে।”

