পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশি নিজের দলের নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দলের নেতারা যখন কারাগারে বন্দি, তখন বাইরের নেতৃত্ব নিজেদের মধ্যে একে অপরকে দোষারোপে ব্যস্ত, যা তার কাছে হতাশাজনক বলে মনে হচ্ছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) “দ্য এক্সপ্রেস ট্রিবিউন” এর প্রতিবেদনে এমনটাই জানা যায়। ২০২৩ সালের ৯ মে’র সহিংসতার এক মামলার শুনানির পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কুরেশি বলেন, “বাইরের নেতৃত্ব কিছুই করছে না, অথচ আমি কারাগারে থেকেও সক্রিয়ভাবে দলের কাজ চালিয়ে যাচ্ছি। আমি ১৪ ও ১৫ এপ্রিল উমরকোটে ইন্দুস সেচ খালবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেব।”
এছাড়া কুরেশি দলের নেতৃত্বকে অভ্যন্তরীণ কোন্দল ভুলে কারাবন্দিদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, “দলীয় নেতাদের উচিত নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে কারাবন্দিদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।” বুধবারও তিনি একই বার্তা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “কারাগারে বসে আমরা কষ্ট পাই, যখন দেখি বাইরে নেতারা একে অপরকে দোষারোপ করছেন।”
কুরেশি আরো বলেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিন্ধুপ্রদেশের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তাদের দাবি, ইন্ডাস রিভার সিস্টেম অথরিটি (ইআরএসএ)-এর পানি সরবরাহ সংক্রান্ত প্রত্যয়নপত্র নিয়ে তারা চুপ ছিল এবং এখন শুধু “মায়াকান্না” করছে।
এদিকে কুরেশি ৯ মে’র সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ছয়টি মামলায় সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির হয়েছেন। আদালত তার পরবর্তী শুনানি ও জামিন আবেদনের শুনানি আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, কুরেশির এই অবস্থান দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, যা দলের ভবিষ্যৎ জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত।

