মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় বন্দি থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইসরাইল ও হামাসের সঙ্গে কাজ করছে এবং সবাই চায় জিম্মিরা যেন দ্রুত নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে। খবরটি প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।
সম্প্রতি মিশরের একটি প্রস্তাবকে কেন্দ্র করে ইসরাইল, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে। তবে সেই আলোচনায় হামাস সরাসরি উপস্থিত ছিল না। একটি সূত্র জানিয়েছে, হামাস এখনো ওই প্রস্তাবটি দেখেনি এবং তারা এতে সম্মত হবে কিনা, সে ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
তবে কিছু ইসরাইলি কর্মকর্তা দাবি করেছেন, হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, এবং একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
এদিকে, ট্রাম্পের মন্তব্যের পরপরই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, তারা নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মিলে জিম্মিদের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন করেছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি সম্পাদিত হয়নি।
এর আগে, মার্চ মাসের শেষ দিকে মার্কিন ও ইসরাইলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্ত করার জন্য কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের সঙ্গে একটি বার্তা বিনিময় হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিবেশে জিম্মি মুক্তির সম্ভাব্য চুক্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে নজর কেড়েছে।

