তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রায়ই ইসরায়েলকে হুমকি দেন। তিনি বক্তৃতা ও বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেন। তবে প্রকাশ্যে যা বলেন, বাস্তবে সেই পথেই হাঁটেন না তিনি।
তুরস্ক চায় না ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধ বাধুক। তাই গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে এরদোয়ান প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তুরস্ক ন্যাটোর সদস্য। এই সামরিক জোটে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি সেনা রয়েছে তুরস্কের। সামরিক শক্তির দিক থেকেও দেশটি অনেক শক্তিশালী। তবুও তুরস্ক ইসরায়েলকে গুরুত্ব দিয়ে দেখে। এমনকি ভেতরে ভেতরে কিছুটা ভয়ও করে।
রয়টার্স জানায়, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর সেখানকার বিভিন্ন এলাকায় তুরস্ক ও ইসরায়েলের সেনারা অবস্থান নিয়েছে। দুই দেশের সেনা একই এলাকায় থাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এই আশঙ্কা থেকেই আলোচনা শুরু হয়েছে। যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। যেন হঠাৎ করে যুদ্ধ লেগে না যায়।
গত ৯ এপ্রিল, বুধবার আজারবাইজানে বৈঠকে বসে তুরস্ক ও ইসরায়েলের প্রতিনিধি দল। ককেশাস অঞ্চলের এই দেশে গোপনে হয় এই আলোচনা।
রয়টার্সকে একটি সূত্র জানায়, আঙ্কারা ও তেল আবিবের মধ্যে সরাসরি যোগাযোগের পথ চালু করতেই এই বৈঠক হয়। সূত্রটি নাম প্রকাশ করতে চায়নি।
রয়টার্স আরও জানায়, এর আগের সপ্তাহে তুরস্কের সেনারা সিরিয়ার অন্তত তিনটি সামরিক ঘাঁটি পরিদর্শন করে। তুরস্ক দাবি করে, এটি তাদের যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ।
তবে ইসরায়েল সেই দাবি মানে না। বরং তারা এই পদক্ষেপকে হুমকি বলে মনে করে। এর জবাবে ইসরায়েল হামলা চালায় দামেস্কের কাছের একটি সামরিক ঘাঁটিতে।
ইসরায়েল হুঁশিয়ার করে বলে, তুরস্ক যদি সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে চায়, তাহলে তাদের হামলা চলতে থাকবে।

