ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি গড়ে তুলেছে ইসরাইল। তাদের ঘিরে রেখেছে অবরোধে। চালাচ্ছে লাগাতার বোমা হামলা। তবুও এবার নিজেরাই পড়েছে নিরাপত্তাহীনতায়।
সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানায়, ২০২৪ সালে প্রায় ১,৭০০ জন কোটিপতি দেশ ছেড়ে গেছেন। তারা তাদের টাকাপয়সা আর দামী সম্পদ নিয়েই অন্য দেশে চলে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ইসরাইলের অর্থনীতিতে বড় বিপর্যয় ঘটতে পারে।
ব্রিটেনের হেনলি অ্যান্ড পার্টনারস এবং দক্ষিণ আফ্রিকার একটি তথ্যভিত্তিক সংস্থার তথ্যে দেখা গেছে, ২০২৪ সালে তেল আবিব ও হারসলিয়ায় ২২ হাজার ৬০০ জন কোটিপতি ছিলেন। ২০২৩ সালের তুলনায় এটি ১৭০০ জন কম।
গাজায় যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও খারাপ হয়। ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে হাই-টেক খাতের প্রায় ৮৩০০ কর্মী দেশ ছেড়েছেন।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ২০২৪ সালের প্রথম সাত মাসেই দেশ ছেড়েছেন ৪০ হাজার ৬০০ ইসরাইলি। যা ২০২৩ সালের মাসিক গড়ের তুলনায় ২২০০ জন বেশি।
সরকারি তথ্য বলছে, গত দশ বছরে গড়ে প্রতি বছর ৩৭ হাজার ইসরাইলি দেশ ছেড়েছেন। কিন্তু ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৫ হাজার ৪০০ জনে। অথচ সে বছর দেশে ফিরেছেন মাত্র ২৮ হাজার জন।
এই পরিস্থিতি ইসরাইলের জন্য বড় ধরণের সতর্ক সংকেত হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ধনী ও দক্ষ পেশাজীবীরা যদি এভাবে চলে যেতে থাকেন, তাহলে দেশটি ভয়াবহ অর্থনৈতিক ও প্রযুক্তিগত সংকটে পড়বে।

