গাজা উপত্যকায় ভয়াবহ ওষুধ সংকটে পড়েছে হাজার হাজার রোগী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।
বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার এবং রক্ত-সংশ্লিষ্ট রোগের ওষুধ এখন আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৮০,০০০-এরও বেশি ডায়াবেটিস রোগী এবং ১,১০,০০০ দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ আক্রান্ত মানুষ জীবন রক্ষাকারী ওষুধ গ্রহণ করতে পারছেন না। এই সংকট তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ৫৯ শতাংশ এবং ক্যান্সার ও রক্তের রোগের জন্য প্রয়োজনীয় ওষুধের ৫৪ শতাংশ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভয়াবহ সংকটের প্রধান কারণ হচ্ছে সীমান্ত ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া। দখলদার বাহিনী হাসপাতাল ও ক্লিনিকগুলোর জন্য ওষুধ এবং মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার ফলে সংকট আরও তীব্রতর হয়েছে।
এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে দ্রুত আন্তর্জাতিক সহায়তা এবং সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। গাজার নিরীহ রোগীদের বাঁচাতে ওষুধ সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের চেয়ে বড় দাবি হয়ে উঠেছে।

