ভারতের পার্লামেন্টে পাস হওয়া ‘ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫’ ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার কলকাতায় এক দলীয় কর্মসূচিতে শুভেন্দু বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ। তিনি দাবি করেন, রাজ্যের মুর্শিদাবাদ, সামসেরগঞ্জ ও চাঁপদানিসহ বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও দোকানে হামলা চালানো হয়েছে। ধূলিয়ান পুরসভার একাধিক ওয়ার্ডে দুর্গামণ্ডপ, রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে, দোকানপাটে অগ্নিসংযোগও হয়েছে বলে জানান তিনি।
শুভেন্দুর অভিযোগ, কড়েয়া থানার জলযাত্রীদের ওপর হামলা হয়েছে, চাঁপদানিতে হিন্দুদের পতাকা নামিয়ে ফেলা হয়েছে। মোথাবাড়িতে ৮৬ জন নিরীহ মানুষ আক্রান্ত হয়েছেন। ধূলিয়ান থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই একটি মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ওয়াকফ সংশোধনী আইন ঘিরে অস্থিরতার পর প্রশাসন যে পন্থা নিয়েছে, তা ‘রাজীব কুমার ফর্মুলা’। প্রথমে হিংসা চলবে, পরে ফোন-ইন্টারনেট বন্ধ হবে, সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে- এরপর ১৬৩ ধারা জারি করা হবে।
মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, সামসেরগঞ্জসহ কয়েকটি এলাকায় গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের দাবি, মিছিল থেকে বোমা ও ইট ছোড়া হলে তারা স্টান গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মুর্শিদাবাদ পুলিশের কর্মকর্তারা।
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি বলেন, হিন্দুদের প্রতীককে রাজনৈতিক পতাকা বানিয়ে টার্গেট করা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে। আমি জনগণকে ঐক্যবদ্ধ হতে বলছি। প্রতিরোধ গড়তে বলছি।
কী আছে ওয়াকফ সংশোধনী আইনে?
ওয়াকফ বোর্ড মূলত মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্রসহ মুসলিমদের দান করা জমি ও স্থাপনার দেখভাল করে। ভারতজুড়ে ওয়াকফ বোর্ডের অধীনে ৮ লাখ ৭২ হাজারের বেশি সম্পত্তি রয়েছে, যার আওতায় রয়েছে ৯ লাখ ৪০ হাজার একর জমি। এই সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার কোটি রুপি।
নতুন আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তনের পাশাপাশি বোর্ডে অমুসলিমদের সদস্য হিসেবে রাখার প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় পরিষ্কার করে বলেছেন, সংশোধিত আইনে ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম থাকার কথা বলা হয়নি। একজন মুসলিম চ্যারিটি কমিশনার হতে পারেন, কিন্তু ট্রাস্ট দেখার দায়িত্ব আলাদা বিষয়। এটা ধর্মীয় নয়, প্রশাসনিক কাজ।
ওয়াকফ আইনের পরিবর্তনের পর পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে উত্তেজনা তৈরি হলেও কেন্দ্র বলছে, আইনটি সংখ্যালঘু স্বার্থ রক্ষায় কোনো ধরনের হুমকি নয় বরং প্রশাসনিক স্বচ্ছতা আনতে সহায়ক হবে। তবে রাজ্যজুড়ে প্রতিবাদ আর রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ এরই মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

