জার্মানিতে তিন বছরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করতে যাচ্ছে সদ্য গঠিত জোট সরকার। রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও মধ্যপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) যৌথভাবে গঠিত এই সরকারের চুক্তিপত্রে নাগরিকত্ব আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর গঠিত এই জোট সরকার সিদ্ধান্ত নিয়েছে, বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎসের আমলে চালু হওয়া ‘তিন বছরে নাগরিকত্ব’ পাওয়ার বিধানটি বাতিল করা হবে। নতুন সরকারের মতে, এত অল্প সময়ে একজন অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি ‘অপরিপক্ব’ সিদ্ধান্ত।
উল্লেখ্য পূর্ববর্তী সরকারের নিয়ম অনুযায়ী, যারা অন্তত তিন বছর জার্মানিতে অবস্থান করে সি১ স্তরের জার্মান ভাষা দক্ষতা অর্জন করত এবং সমাজে একীভূত হওয়ার যথাযথ প্রমাণ দেখাতে পারত, তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারত।
তবে নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অভিবাসীদের অন্তত পাঁচ বছর জার্মানিতে বসবাস করতে হবে নাগরিকত্বের যোগ্যতা অর্জনের জন্য।
অন্যদিকে বিতর্কিত ‘দ্বৈত নাগরিকত্ব বাতিল’ প্রস্তাবটি চূড়ান্ত চুক্তিতে জায়গা পায়নি। ফলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরাও পূর্বের মতো জার্মান পাসপোর্টের পাশাপাশি নিজ দেশের নাগরিকত্ব বহাল রাখতে পারবেন।
এর আগে সিডিইউ/সিএসইউ তাদের নির্বাচনি প্রচারে জানিয়েছিল, যারা সন্ত্রাসবাদ, ইহুদিবিদ্বেষ কিংবা চরমপন্থাকে সমর্থন করে, তাদের নাগরিকত্ব বাতিলের বিধান চালু করা উচিত। তবে এসপিডি ও মাইগ্রেশন অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই প্রস্তাবটি কার্যত বাতিল করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের এই পদক্ষেপ জার্মানিতে অভিবাসন নীতির একটি নতুন মোড় নির্দেশ করছে, যেখানে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে আরো কড়াকড়ি আরোপ করা হলেও কিছু মানবিক দিক বহাল রাখা হয়েছে।

