ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত চালানো অন্তত ৩৬টি বিমান হামলায় নিহত হয়েছেন শুধুই নারী ও শিশু। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্যে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র।
শুক্রবার (১১ এপ্রিল) জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিএইচআর) মুখপাত্র রাভিনা শামদাসানি এক ব্রিফিংয়ে জানান, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ইসরায়েল গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ২২৪টি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে ৩৬টি হামলায় নিহতদের সবার পরিচয় নারী ও শিশু হিসেবে শনাক্ত হয়েছে।
রাভিনা বলেন, এই ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনিদের ‘একক জাতি হিসেবে অস্তিত্ব’ টিকিয়ে রাখাকে হুমকির মুখে ফেলছে।
এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতির পর নতুন করে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১,৫০০ জনের বেশি ফিলিস্তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে আরো ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন, এক মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ পৌঁছায়নি। সেখানে নেই খাবার, জ্বালানি, ওষুধ বা কোনো বাণিজ্যিক পণ্যের সরবরাহ। এখন গাজা পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুপুরীতে। বেসামরিক মানুষরা চরম দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকার লড়াই করছেন।
এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা।
শুক্রবার সকালেও গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে খান ইউনিস শহরে একটি আবাসিক ভবনে একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনই শিশু।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলমান এই হামলা ও অবরোধ মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ এবং তা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলেও বিবেচিত হচ্ছে।

