গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনের নিন্দা করে খুতবা দেওয়ায় আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহম্মদ সেলিমকে সাত দিনের জন্য মসজিদ চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় আল-আকসার একটি ফটক থেকে তাকে আটক করে ইসরায়েলি পুলিশ। পরবর্তীতে পূর্ব জেরুজালেমের একটি থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয়, সাত দিনের নিষেধাজ্ঞা ভাঙলে তাকে গ্রেপ্তার করা হবে।
খুতবায় শেখ সেলিম গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও মানবিক সংকটের তীব্র সমালোচনা করেন এবং সামরিক অভিযান বন্ধে আহ্বান জানান।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলের ইসলামিক এনডৌমেন্ট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেছেন, ইমামের ওপর দেওয়া এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে।
এর আগেও আল-আকসার আরেক ইমাম শেখ একরিমা সাবরির ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল। আল-আকসার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের ফাতাহ সরকারের হাতে ন্যস্ত করার পক্ষে মত দেওয়ায় তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

