তহবিল সংকটে পড়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা দ্য অফিস ফর কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওচা)। এরই ধারাবাহিকতায় সংস্থাটি তাদের বৈশ্বিক কর্মী বাহিনীর অন্তত ২০ শতাংশ- প্রায় ৫০০ জনকে ছাঁটাই করার উদ্যোগ নিয়েছে।
ওচা’র মহাপরিচালক টম ফ্লেচার কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে জানান, আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। তহবিলের সংকট, বাড়তি চাপ এবং আক্রমণের মুখে পড়ে এখন আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।
বিশ্বের প্রায় ৬০টি দেশে ওচা’র কার্যক্রম রয়েছে, যেখানে কর্মরত আছেন প্রায় ২,৬০০ জন। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি সংস্থাটি ক্যামেরুন, কলম্বিয়া, ইরিত্রিয়া, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কে কার্যক্রম বন্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।
তহবিল ঘাটতির পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিতের বিষয়টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর একটি নির্বাহী আদেশে জাতিসংঘের বিভিন্ন খাতে বরাদ্দ বন্ধ করে দেন এবং পুরোনো সহায়তা যাচাইয়ের নির্দেশ দেন। ফলে, ওচা’র তহবিলে অন্তত ৬ কোটি ডলারের ঘাটতি দেখা দেয়।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইরাকভিত্তিক মানবাধিকার সংগঠন আল আমাল অ্যাসোসিয়েশন জানায়, ইরাকে যদি ওচা কার্যক্রম বন্ধ করে দেয়, তা হলে নারীর অধিকার রক্ষায় তা বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে।
বিশেষজ্ঞরা বলছেন, মানবিক সংকট মোকাবিলায় ওচা’র মতো সংস্থার কার্যক্রম কমে যাওয়ার অর্থ হচ্ছে বিপন্ন জনগোষ্ঠীর সহায়তা আরও অনিশ্চিত হয়ে পড়া।

