ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার আগে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরো বলেন, আমি চাই ইরান একটি সুন্দর, শক্তিশালী ও সুখী দেশ হয়ে উঠুক। কিন্তু সেটি হতে হবে পারমাণবিক অস্ত্র ছাড়াই।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ওমানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই মন্তব্য করেন ট্রাম্প। আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল ওমান পৌঁছেছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন একটি চুক্তির সম্ভাবনার বিষয়ে আশাবাদী সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন চুক্তি আগের চেয়েও কঠোর হবে এবং তেহরানকে আরও বেশি নিয়ন্ত্রণে রাখবে।
উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত হয়েছিল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ায়, ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে।
বিশ্লেষকদের মতে, বর্তমান আলোচনা সফল হলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মোড় আসতে পারে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে।

