সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার স্ত্রী লতিফা আল-দ্রৌবি প্রথমবারের মতো বিদেশি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত একটি কূটনৈতিক ফোরামে তিনি অংশ নেন, যেখানে নারী ও শিশুদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই ফোরামে সবচেয়ে বেশি নজর কেড়েছেন লতিফা। আগে জনসম্মুখে খুব একটা দেখা যেত না তাকে। সাধারণত কালো আরবীয় বোরকায় আড়ালেই থাকতেন তিনি। তবে এবার ভিন্ন রূপে দেখা গেছে তাকে- তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের মতো তার্কিশ বোরকা ও হিজাবে হাজির হন তিনি।
ফোরামের পাশাপাশি লতিফা ফার্স্ট লেডি এমিনির সঙ্গে বৈঠকও করেন, যা পরে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এরদোয়ানের স্ত্রী নিজেই।
আরব সংবাদমাধ্যমগুলো জানায়, আহমেদ আল-শারা প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার স্ত্রীর প্রথম বিদেশ সফর।
১৯৮৪ সালে সিরিয়ার হোমসে জন্ম নেওয়া লতিফা আল-দ্রৌবি আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রিধারী। তিন সন্তানের জননী লতিফা এতদিন ছিলেন আড়ালে, তবে এবার তার এই উপস্থিতি সিরিয়ার রাজনীতিতে নতুন বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য আহমেদ আল-শারা আগে আল-কায়েদার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তখন তার নাম ছিল মোহাম্মদ আল-জুলানি। কিন্তু বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোর পর তিনি নিজের পূর্বের অবস্থান থেকে বেরিয়ে একজন উদারপন্থি নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন। স্ত্রী লতিফাকে আন্তর্জাতিক পরিসরে সঙ্গে নিয়ে যাওয়াও সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

