ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনায় ‘গঠনমূলক ও ইতিবাচক’ অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত এই পরোক্ষ বৈঠকের পর আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে উভয় পক্ষ। সূত্র: আল জাজিরা
আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার সঙ্গে ছিলেন উপমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি, আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘায়ী।
এই পরোক্ষ বৈঠকে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর বিন হামাদ আল-বুসাইদী। তিনি পৃথক কক্ষে অবস্থানরত উভয় দলের মধ্যে বার্তা আদান-প্রদান করেন।
‘চুক্তির রূপরেখার কাছাকাছি’-
আলোচনা শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমরা একটি চুক্তির কাঠামোর খুব কাছাকাছি চলে এসেছি। আগামী সপ্তাহে যদি মূল বিষয়ে সমঝোতা সম্ভব হয়, তবে তা হবে একটি বড় অগ্রগতি।”
তিনি আরো বলেন, “ট্রাম্প প্রশাসনের শুরুর পর থেকে এই প্রথমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনও আলোচনা হলো। এটা একটি উৎপাদনশীল, শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।”
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া-
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, “আলোচনাটি ছিল ইতিবাচক ও গঠনমূলক। বিষয়গুলো জটিল হলেও বিশেষ দূত উইটকফের সরাসরি যুক্ত হওয়া পারস্পরিক উপকারের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
বিবৃতিতে আরো জানানো হয়, উভয় পক্ষ আগামী শনিবার আবার বৈঠকে বসবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি-
এর আগে আলোচনার ঠিক আগ মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে বলেন, “যদি কোনও চুক্তি না হয়, তাহলে ফল হবে ‘জাহান্নামের মতো বিপর্যয়’।”
প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও ট্রাম্প প্রশাসনের পরিচিত কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রেসিডেন্টের শর্ত পূরণ না হলে, এর পরিণতি হবে ভয়াবহ।”
উল্লেখ্য ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলছিল। ওমান পূর্বেও এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। এবারও শান্তিপূর্ণ সমাধানের আশায় আবার আলোচনায় ফিরেছে দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান আলোচনা সফল হলে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

