গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর ফের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬৩ জনে। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সূত্র: আল জাজিরা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। ১৮ মার্চ থেকে পুনরায় হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা লাগামছাড়া হারে বাড়ছে।
এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মোট ৫০ হাজার ৯৩৩ জন নিহত ও ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার গাজার তুফাহ এলাকায় এক হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হন। একইদিনে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আতাত্রা এলাকায় আরো দুই ফিলিস্তিনি এবং খান ইউনিসের দক্ষিণাঞ্চলের কিজান আন-নাজ্জার এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে।
খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল-মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বিমান হামলার ঘটনায় আরও হতাহতের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
আল জাজিরার সংবাদদাতা হিন্দ খোদারি গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহের আল-আহলি হাসপাতাল থেকে জানিয়েছেন, সেখান থেকে শাম নামের এক নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে, যিনি ইসরাইলি হামলায় নিহত হন।
তিনি আরো জানান, প্রতিদিন হাসপাতালে পৌঁছানো অ্যাম্বুলেন্সগুলোর অধিকাংশেই নারী ও শিশু থাকে, যা থেকে শিশু ও নারীর ওপর হামলার ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠছে।
বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত এই হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। চিকিৎসাসেবা, খাদ্য ও আশ্রয়ের ঘাটতির মধ্য দিয়ে গাজার জনগণ চরম মানবিক সংকটের মুখোমুখি।
বিশ্লেষকরা বলছেন, একের পর এক যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইলি আগ্রাসনের ফলে শান্তিপ্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়ে পড়ছে, যা পুরো অঞ্চলে আরও অস্থিতিশীলতা ডেকে আনতে পারে।

