ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিক্ষোভকারীরা শত শত ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে গর্জে ওঠেন। একই দিনে, গাজায় নতুন করে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানিয়েছেন, গাজার অধিকাংশ এলাকায় শিগগিরই ‘জোরালো সামরিক অভিযান’ শুরু করবে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি জানান, ইতোমধ্যে গাজার দক্ষিণের রাফা ও খান ইউনিস শহরকে বিচ্ছিন্নকারী একটি নিরাপত্তা করিডোর দখলে নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
এছাড়া ইসরায়েলি বাহিনী খান ইউনিসসহ আশপাশের এলাকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। দাবি করা হয়েছে, গাজা থেকে হামাসের রকেট হামলার জবাবে এসব অঞ্চলে সামরিক অভিযান চালানো হবে।
গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল, যা জানুয়ারিতে স্বাক্ষরিত দুই মাসব্যাপী যুদ্ধবিরতির পরবর্তী সময়। এরপর থেকেই গাজার বিস্তীর্ণ এলাকা দখলে নেয় আইডিএফ, ফলে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন হাজারো ফিলিস্তিনি।
এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার সীমান্তঘেঁষা বিস্তীর্ণ অঞ্চলও দখলে নিয়েছে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাসপাতালের জরুরি বিভাগ ধ্বংস হয়েছে। রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যে নিহত হয়েছেন ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন লাখো মানুষ। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ পরিবার। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন মানবাধিকারকর্মীরা।

