ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ মিসাইল হামলায় ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে কিয়েভ কর্তৃপক্ষ। শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
হামলার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস। তারা এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও এই হামলা দুঃখজনক। বিবৃতিতে আরো বলা হয়, এই গুদামে শিশু ও প্রবীণদের জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ ওষুধ মজুদ ছিল, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
ঘটনাটির নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও। তিনি বলেন, আজ সকালে রাশিয়ার চালানো ড্রোন হামলায় কিয়েভে একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে, যেখানে শিশু ও বৃদ্ধদের জন্য প্রয়োজনীয় ওষুধ ছিল। এটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার ধারাবাহিক সন্ত্রাসী তৎপরতারই অংশ।
তবে হ্যারিস ওই গুদামটি ভারতীয় ওষুধ কোম্পানির কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন তাদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে। মস্কোর দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতির লঙ্ঘন।
উল্লেখ্য কুসাম ফার্মাসিউটিক্যালস ভারতের অন্যতম রপ্তানিনির্ভর ওষুধ কোম্পানি, যার ইউরোপের বাজারে উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।

