যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এ প্রকাশিত এক বিশ্লেষণমূলক কলামে। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়েছে এবং বিশ্বকে এখন এ দেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে নামতে হবে।
কলামে যুক্তরাষ্ট্রকে একঘরে করার পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, ট্রাম্পের নেতৃত্বে দেশটি ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, মানবিক সহায়তা, বিজ্ঞান ও সামাজিক কল্যাণব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। প্রায় আড়াই শতাব্দী ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের জাতীয় কাঠামো ধসে পড়ছে।
এমন সংকটে রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং করপোরেট নেতৃত্ব নীরব ভূমিকা পালন করছে বলেও দাবি করা হয়েছে। সিনেটর চাক শুমারসহ বহু ডেমোক্র্যাট নেতাকে ট্রাম্পের আইনি ও নীতিগত এজেন্ডার কাছে আত্মসমর্পণকারী হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও প্রশাসন, প্রযুক্তি শিল্পের কর্ণধাররাও ভীত ও সুবিধাবাদী ভূমিকায় অভিযুক্ত হয়েছেন।
বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প এমনকি ঐতিহ্যগত মিত্র কানাডা, গ্রিনল্যান্ড ও পানামার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েছেন। ঐতিহাসিক কূটনৈতিক চুক্তিগুলো বাতিল করে, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির নীতিগুলো বিসর্জন দিতে না চাওয়ায় বিদেশি প্রতিষ্ঠান ও গবেষকদের হুমকি দিয়েছেন।
শুল্কনীতি ও বিশ্ববাজারে ধস-
ট্রাম্পের ঘোষিত ‘অর্থনৈতিক স্বাধীনতার দিন’ বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে বলেও উল্লেখ করা হয়। বিদেশি পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ‘রক্তস্নান’ ঘটিয়েছেন তিনি। চীনের পাশাপাশি বহু দেশের ওপর শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কর্মসংস্থান হারাচ্ছেন লাখ লাখ মানুষ।
প্রতিবেদনে জানানো হয়, শুধু গত মাসেই ট্রাম্পের নতুন অর্থনৈতিক নীতির কারণে চাকরি হারিয়েছেন ২ লাখ ৭৫ হাজার মার্কিন নাগরিক, যা করোনাভাইরাস মহামারির পর সর্বোচ্চ। অন্যদিকে, ধনী অভিজাত শ্রেণি এই নীতিতে লাভবান হচ্ছেন।
বিশ্ব পুঁজিবাজারে এই অবস্থাকে ‘অর্থনৈতিক হত্যাযজ্ঞ’ ও ‘ব্যবসায়িক রক্তস্নান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে প্রায় ১১ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে, যার বড় অংশ ঘটেছে সাম্প্রতিক সময়ে।
বিকল্প পথের আহ্বান-
কলামে বলা হয়, ট্রাম্প শুধু অর্থনীতিতে নয়, সামরিক ও কূটনৈতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রকে আলাদা করে ফেলছেন। বহু যুগ ধরে স্থিতিশীলতা বজায় রাখা সামরিক জোটগুলোকেও অবজ্ঞা করছেন তিনি। ইউরোপকে রাশিয়ার হুমকির মুখে একা ফেলে দিয়েছেন।
এই প্রেক্ষাপটে বিশ্বকে একটি বিকল্প পথ খুঁজে বের করার আহ্বান জানানো হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা আন্দোলনের অনুকরণে এখন প্রয়োজন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা (BDS) কৌশল গ্রহণ।
বিশ্লেষণে বলা হয়, বিশ্বের উচিত ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সীমিত করা, ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার বিকল্প গড়ে তোলা এবং মার্কিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সহযোগিতা থেকে সরে আসা।
‘সন্ত্রাসীদের বিজয় থামান’- বিশ্বের প্রতি আহ্বান-
কলামটির শেষাংশে বলা হয়, ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের জন্য হুমকি। তাকে প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই এগিয়ে আসা জরুরি। অপেক্ষা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তবে ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশও একই পরিণতির শিকার হতে পারে।
ট্রাম্পের অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে এবং তার ‘সন্ত্রাসী রাষ্ট্রনীতি’ ঠেকাতে বিশ্বকে এখনই সংহতির শক্তি দিয়ে জবাব দিতে হবে- এমনই আহ্বান জানানো হয়েছে মিডল ইস্ট আইয়ের এই বিশ্লেষণে।
- সূত্র: মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন- অনুবাদ: এফ. আর. ইমরান

