তাজিকিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৩ এপ্রিল) সকালে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, কম্পনের উৎসভূমি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে একইদিন সকালে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ উত্তরাঞ্চলীয় পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া অঞ্চলেও কম্পন অনুভূত হয়।
পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে।
এছাড়া রোববার সকালে মধ্য মিয়ানমারের শহর মেইকটিলার কাছাকাছি এলাকায়ও ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সেখানেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, এই ভূমিকম্পগুলোর কেন্দ্র ছিল টেকটোনিক ফল্ট লাইনের কাছাকাছি, যার কারণে ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে বেশি হলেও- গভীরতা কম হওয়ায় তা আশপাশের এলাকাগুলোতে তীব্রভাবে অনুভূত হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সতর্ক রয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

