আফগানিস্তানে তালেবান-নিয়ন্ত্রিত সরকারকে অর্থ সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে একটি প্রস্তাবিত বিল অনুমোদন পেয়েছে। বিলটি তালেবানের হাতে যেন কোনোভাবেই মার্কিন করদাতাদের অর্থ না পৌঁছায়, তা নিশ্চিত করতে স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশ দেবে।
প্রস্তাবিত বিলটি উত্থাপন করেন কংগ্রেস সদস্য টিম বারচেট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কাবুলে ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছে। এই অর্থের একটি বড় অংশ তালেবান সরকার কর আদায় বা দুর্নীতির মাধ্যমে ভোগ করছে। অথচ আমরা এখনও অর্থ পাঠিয়ে চলেছি, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
বিলটি অনুযায়ী, তালেবান যেন কোনোভাবেই সরাসরি বা পরোক্ষভাবে অর্থ বা উপকরণ না পায়, তা নিশ্চিত করার দায়িত্ব স্টেট ডিপার্টমেন্টের ওপর থাকবে। এছাড়া, আফগান ব্যাংকিং ব্যবস্থা ও আন্তর্জাতিক সহায়তার ওপর তালেবানের প্রভাব সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখতে বলা হয়েছে।
হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান ম্যাস্ট বলেন, এই বিল স্টেট ডিপার্টমেন্টকে একটি কৌশল তৈরি করতে বাধ্য করবে, যাতে আন্তর্জাতিক সংস্থা কিংবা অন্য রাষ্ট্রের পক্ষ থেকেও তালেবানকে আর্থিক বা বস্তুগত সহায়তা না দেওয়া হয়। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রশ্ন, কারণ তালেবানের সঙ্গে আমাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই এবং কাবুলে কোনো দূতাবাসও নেই।
তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, কোনোভাবেই মার্কিন জনগণের ট্যাক্সের টাকা তালেবানের হাতে না পড়ে।”
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অর্থ প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। বিভিন্ন সূত্রে জানা গেছে, তালেবান-নিয়ন্ত্রিত আফগান কেন্দ্রীয় ব্যাংকে প্রতি সপ্তাহে প্রায় ৪০ মিলিয়ন ডলার করে অর্থ পাঠানো হতো।
২০২৪ সালের মে মাসে প্রকাশিত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়, তালেবান ইতোমধ্যেই কর হিসেবে ১০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেছে। সে সময়ের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও তথ্যটির সত্যতা নিশ্চিত করেছিলেন।
তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত আফগান গণমাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্র যে অর্থের কথা বলছে, তার বেশিরভাগ খরচ হয়েছে মার্কিন সেনা প্রত্যাহার এবং তাদের সঙ্গে যাওয়া আফগানদের পুনর্বাসনে। কিছু অংশ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহায়তা খাতে ব্যবহৃত হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত বিলটি চূড়ান্তভাবে পাশ হলে আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তার প্রবাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে দেশটির মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

