আসন্ন হজ মৌসুমকে ঘিরে মক্কায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। আগামী ২৩ এপ্রিল থেকে বিশেষ অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না, এমন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৩ এপ্রিল) সৌদি সংবাদমাধ্যম সামা টিভি তথ্যানুসারে এমনটাই জানা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে উমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত বিদেশিদের ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তা ভিসা লঙ্ঘনের শামিল হবে।
এছাড়া সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি নাগরিকদেরও মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্টে ফেরত পাঠানো হবে, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে।
তবে যেসব বিদেশি নাগরিকের আবাসিক পরিচয়পত্র (ইকামা) মক্কা থেকেই ইস্যু হয়েছে, তাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
কর্মসংক্রান্ত প্রয়োজনে পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের ‘আবশের’ বা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে পূর্বানুমতি নিতে হবে।
এছাড়াও, ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ‘নুসুক’ পোর্টালের মাধ্যমে উমরাহ ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে। এই বিধিনিষেধ জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) সদস্য দেশগুলোর নাগরিকসহ সৌদিতে অবস্থানরত বিভিন্ন ভিসাধারী বিদেশিদের ওপরও প্রযোজ্য হবে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হজ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা।

