ফিলিস্তিনের গাজা সিটির আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের ওপর মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর হাসপাতালে আগুনের বিশাল কুণ্ডলি দেখা যায়, যা হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিশেষত: হাসপাতালের আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সূত্র: বিবিসি
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় হাসপাতালের বিছানায় থাকা বেশ কয়েকজন রোগী দ্রুত সরতে চেষ্টা করছিলেন। এ ঘটনার পরে হামাস এটিকে একটি ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে অভিহিত করেছে, তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় এক সাংবাদিকের বরাতে জানা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক চিকিৎসককে ফোন করে জানায় যে, তারা হাসপাতালটি লক্ষ্য করে হামলা চালাবে, তাই দ্রুত হাসপাতালের সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই সাংবাদিক আরো জানান, ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কাছে ফোন করে হুমকি দিয়ে বলেন, “আপনাদের হাতে মাত্র ২০ মিনিট, সব রোগী এবং বাস্তুচ্যুত মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে হবে।”
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রাতের বেলা রোগীরা হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। এর পাশাপাশি হাসপাতালের সামনে আশ্রয় নেওয়া নারী ও শিশুদেরও স্থান ত্যাগ করতে দেখা যায়।
এদিকে দখলদার ইসরায়েল পূর্বে গাজা সিটির অন্যতম বড় হাসপাতাল আল-শিফা হাসপাতালটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এরপর আল-আহলি হাসপাতালটি গাজা সিটির প্রধান হাসপাতাল হিসেবে পরিচিত হয়ে ওঠে। রোববার রাতে আবারো হামলা চালানো হয় এখানে- যা পূর্ববর্তী অক্টোবরের হামলার পুনরাবৃত্তি হিসেবে দেখা যাচ্ছে, যখন একই হাসপাতালে হামলা চালিয়ে বহু মানুষের জীবনহানি ঘটে।

