সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন নকওয়েটা-সালামি শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: আল জাজিরা
জাতিসংঘ জানায়, আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল-ফাশার সংলগ্ন জমজম ও আবু শৌক শরণার্থী শিবিরে আক্রমণ চালায়। শুক্রবার ও শনিবার নতুন করে হামলার ঘটনায় জমজম ক্যাম্পে নয়জন সহায়তাকর্মী নিহত হয়েছেন। তবে নিরাপত্তার কারণে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে সুদানের ডক্টরস ইউনিয়ন জানিয়েছে, জমজমে একটি হাসপাতালে চালানো হামলায় রিলিফ ইন্টারন্যাশনালের ছয়জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের চিকিৎসক মাহমুদ বাবাকার ইদ্রিস ও ওই অঞ্চলের স্বাস্থ্যপ্রধান আদম বাবাকার আবদুল্লাহ। ইউনিয়ন এই হামলার জন্য সরাসরি আরএসএফকে দায়ী করেছে এবং একে ‘বর্বর ও অপরাধমূলক’ হিসেবে আখ্যায়িত করেছে।
উল্লেখ্য গত প্রায় দুই বছর ধরে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে সশস্ত্র সংঘাত চলছে। দুই পক্ষের বিরুদ্ধেই বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ রয়েছে। সম্প্রতি আরএসএফের আল-জাজিরাহ অঞ্চলের এক কমান্ডার সেনাবাহিনীর পক্ষে যোগ দিলে সংঘাত আরো তীব্র আকার ধারণ করে।

