দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৭৪ কিলোমিটার গভীরে, সমুদ্রের তলদেশে।
মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, গভীর সমুদ্রের কারণে ভূমিকম্পের মাত্রা তীব্র হলেও এটি সুনামির ঝুঁকি তৈরি করেনি। পরিস্থিতি নিরাপদ রয়েছে বলেও জানানো হয়েছে।
বিশ্বজুড়ে পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য ফিজি, যার মনোরম সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ করে লাখো ভ্রমণপিপাসু মানুষকে। ২০২৪ সালে প্রায় ১০ লাখ পর্যটক দ্বীপপুঞ্জটি ভ্রমণ করেছেন। ভূমিকম্পের পরও দ্বীপটিতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

