যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অবস্থান আরও কঠোরভাবে বাস্তবায়নে সক্রিয় হয়েছে ট্রাম্প প্রশাসন। ক্ষমতায় ফেরার শুরু থেকেই অভিবাসন ইস্যুকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার প্রশাসনের লক্ষ্য, এক বছরে ১০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো। পরিকল্পনা নিয়ে অবগত চারজন বর্তমান ও সাবেক ফেডারেল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রশাসনের এই লক্ষ্য পূরণ হলে তা হবে অভিবাসী বহিষ্কারে নতুন রেকর্ড। কারণ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় এক বছরে সর্বোচ্চ ৪ লাখ অভিবাসীকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, আদালতের প্রক্রিয়া, জনবল ও বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় এই পরিকল্পনা বাস্তবায়ন বেশ জটিল।
হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার অভিবাসন নিয়ে প্রশাসনের নীতিনির্ধারণী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে- চূড়ান্ত নির্বাসনের আদেশ পাওয়া প্রায় ১৪ লাখ অভিবাসীকে দ্রুত বহিষ্কারের উদ্যোগ। প্রয়োজনে তাদের নিজ দেশে না পাঠিয়ে তৃতীয় দেশে স্থানান্তরেরও পরিকল্পনা চলছে।
এ প্রসঙ্গে জানা গেছে, ইতোমধ্যে মেক্সিকো, কোস্টারিকা, পানামাসহ ৩০টিরও বেশি দেশের সঙ্গে আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র। এসব দেশকে ‘তৃতীয় গন্তব্য’ হিসেবে চিহ্নিত করে সেসব অভিবাসীকে পাঠানোর চেষ্টা চলছে। প্রশাসনের লক্ষ্য, যত দ্রুত সম্ভব বিপুলসংখ্যক অবৈধ অভিবাসীকে দেশছাড়া করা।
অভিবাসন নীতিতে আরও একটি কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে ৩০ দিনের বেশি সময় অবস্থান করা সব বিদেশিকে কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই নির্দেশ মানবেন না, তাদের আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, যারা ৩০ দিনের বেশি সময় যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, অবৈধ অভিবাসীদের প্রতি বার্তা স্পষ্ট- যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান।
এই অবস্থান থেকে প্রশাসন সরে আসবে না বলেও জানানো হয়েছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই উদ্যোগের বিস্তারিত ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি।

