মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে খুব শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার পর রোববার প্রেসিডেন্টের উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তিনি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশা করছেন। তবে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সূত্র জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা আগামী শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে। এর আগে ওমানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা উভয় পক্ষই ‘গঠনমূলক’ ও ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু কর্মসূচি সীমিত করতে চুক্তি না হলে সামরিক পদক্ষেপের পথেও হাঁটতে পারে ওয়াশিংটন।
প্রসঙ্গত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে দুই দেশের মধ্যে কোনো সরাসরি আলোচনা হয়নি। এবারের বৈঠকটিকে দুই দেশের মধ্যকার কূটনৈতিক অগ্রগতির সূচনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আলোচনা হয়েছে ‘অনুকূল, শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে’।

