আসামের কাছাড় জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার শিলচরের বেরেঙ্গা এলাকায় অনুমতি ছাড়া বিক্ষোভে নেমে পড়ে কয়েকশ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজিত বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে জবাব দেয় বলে জানান এক সিনিয়র পুলিশ কর্মকর্তা। সূত্র: সিয়াসাত ডেইলি ও পিটিআই
উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে জেলা প্রশাসন নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৩ ধারার অধীনে জেলাজুড়ে জরুরি নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল ও অস্ত্র বহন আপাতত নিষিদ্ধ।
এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, “প্রায় ৩০০-৪০০ মানুষ রাস্তায় নামে এবং রাস্তা অবরোধ করে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কিছু ব্যক্তি পুলিশের দিকে পাথর ছোড়ে। বাধ্য হয়ে হালকা লাঠিচার্জ করতে হয়।”
তিনি আরো জানান, ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন আইনটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, “ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ এবং উত্তেজনাপূর্ণ পরিবেশে জনজীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারি করা আদেশে বলা হয়েছে, সরকারিভাবে অনুমোদন না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মানববন্ধন, ধর্মঘট বা ধর্নার মতো কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

