ইউক্রেনের সুমি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হওয়ার ঘটনার পর, রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া- এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক উদ্যোগ উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে।
তিনি সুমি শহরের বেসামরিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সময় এসেছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের কেন্দ্রে রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চলমান এই যুদ্ধে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া- এই চারটি প্রদেশের কিছু অংশ দখল করে নিয়েছে।
এই দখলকৃত এলাকাগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ। যদিও রাশিয়া ও ইউক্রেন কেউই তাদের পক্ষের ক্ষয়ক্ষতির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে ধারণা করা হচ্ছে- দুই পক্ষের হতাহতের সংখ্যা মিলিয়ে কয়েক লাখ ছাড়িয়ে গেছে।

