ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসে ইসরায়েল নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, এ তথ্য জানায় জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করার পরই ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে এই অত্যাচার শুরু করেছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলি বাহিনীর আক্রমণের পর থেকে প্রায় পাঁচ লাখ গাজাবাসী তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ জানিয়েছেন, ইসরায়েল এখন সুষ্পষ্ট নীতি অনুসরণ করছে, যেখানে হামাসকে চাপে রাখার উদ্দেশ্যে গাজায় কোনো মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ছয় সপ্তাহে, ইসরায়েলি বাহিনী গাজার ভূখণ্ডে মানবিক সহায়তাসামগ্রী প্রবেশ বন্ধ রেখেছে, যা ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে দীর্ঘ সময়ের অবরোধ আরোপের ঘটনা। এর পাশাপাশি, ইসরায়েলি বাহিনী গাজাবাসীর ওপর দমন-পীড়ন বাড়িয়ে দিয়েছে এবং প্রতিদিনই নতুন হামলা চালাচ্ছে।
আল-জাজিরা সূত্রে জানা গেছে, গত বুধবার সকালেই ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মাস ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত ৫১ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।

