“যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই”— ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মন্তব্য করেছেন, “যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই।” তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো বিশ্ব রাজনীতিতে “ঐতিহাসিক পরিবর্তন” আনছে, এবং এই পরিবর্তনের ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন আরও সক্রিয় এবং প্রভাবশালী ভূমিকা পালন করতে বাধ্য হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের নীতি এবং ইউরোপের মধ্যে বর্তমান উত্তেজনা, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক টানাপোড়েন এবং চীন-যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে ইউরোপকে নতুন করে তার অবস্থান নেয়ার জন্য বাধ্য করছে। ভন ডার লিয়েন বলেন, “যে বিশ্বব্যবস্থাকে আমরা স্থির ও সুশৃঙ্খল ভেবেছিলাম, তা এখন বিশৃঙ্খলায় রূপ নিচ্ছে,” এবং এর পেছনে প্রধান কারণ হিসেবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং রাশিয়ার সাম্রাজ্যবাদী উচ্চাশা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইইউকে একটি নতুন, আরও আত্মবিশ্বাসী এবং বৈশ্বিক অংশীদার হিসেবে গড়ে তোলা প্রয়োজন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানান, ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বাণিজ্যনীতি সত্ত্বেও ইউরোপ স্থির থেকেছে এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে ইউরোপের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
ভন ডার লিয়েন দাবি করেন, “বিশ্বের অনেক দেশ এখন ইউরোপের সঙ্গে কাজ করতে চায়,” এবং তিনি উল্লেখ করেন যে কানাডা, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, এবং দক্ষিণ আমেরিকার রাষ্ট্রনেতাদের সাথে নিয়মিত আলোচনা করছেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের মতে, ইউরোপ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক বৈশ্বিক বাণিজ্যের ১৩ শতাংশ হলেও, ইউরোপের সামনে নতুন বাণিজ্যিক সুযোগ উন্মোচিত হয়েছে, কারণ বাকি ৮৭ শতাংশ বাণিজ্য অন্য দেশের সঙ্গে হচ্ছে।
ভন ডার লিয়েন আরো বলেন, ইউরোপের নির্ভরযোগ্যতা এবং পূর্বাভাসযোগ্যতা এখন আবারও মূল্যবান হয়ে উঠেছে, এবং ইউরোপ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আরও বেশি বাণিজ্য চাচ্ছে।

