ফিলিস্তিনের গাজায় ১৭ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের তৈরি করা বাফার জোন ছাড়বে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি গাজায় দীর্ঘমেয়াদী দখলের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করে এবং ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করে গাজার ভেতরে বিস্তৃত এলাকা দখল করে। তাদের এই দখলে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে গাজার দক্ষিণ ও উপকূলরেখা বরাবর সীমাবদ্ধ এলাকা দিয়ে ঠেসে দেয়া হচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ তার সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, ‘এতদিনের মতো আর হবে না। যেসব এলাকা সন্ত্রাসীমুক্ত করা হয়েছে, সেগুলোর দখল আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) ছাড়বে না।’ তিনি আরও বলেন, ‘গাজার স্থায়ী বা অস্থায়ী যেকোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও ইসরায়েলি বসতিগুলোর মাঝে বাফার হিসেবে অবস্থান করবে, ঠিক লেবানন ও সিরিয়ার মতো।’
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা গত ১৮ মার্চ থেকে গাজায় অভিযানে কয়েকশ হামাস যোদ্ধাকে হত্যা করেছে, যার মধ্যে বেশ ক’জন ঊর্ধ্বতন কমান্ডারও রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি মন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে গাজা দখলের পরিকল্পনা স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিকদের মতে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি সামরিক কৌশলের অংশ হিসেবে গাজাকে দখল করার বিষয়টি নিশ্চিত করেছেন, যা ভবিষ্যতে লেবানন ও সিরিয়াতে ধীরে ধীরে বাস্তবায়িত হতে পারে।

