বিয়ের দিনক্ষণ ঠিক ছিল অনেক আগেই। সবকিছু চলছিল স্বাভাবিকভাবে। মাত্র ১০ দিন পরই বিয়ের দিন ছিল। এরই মধ্যে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়ে যান মা। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটেছে এই ঘটনা। এতে দুই পরিবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদনে বলা হয়, বিয়ের প্রস্তুতির মাঝেই ওই নারী মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়ে যান। বিষয়টি জানাজানির পর দুই পরিবারই বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে তারা পুলিশে আত্মসমর্পণ করেন।
পালিয়ে যাওয়া নারীর নাম স্বপ্না। আর মেয়ের হবু স্বামীর নাম রাহুল। পুলিশি হস্তক্ষেপের পর তারা ফেরার সিদ্ধান্ত নেন। স্বপ্না সাফ জানিয়ে দেন, তিনি রাহুলের সঙ্গেই থাকতে চান। তার ভাষায়, “আমি রাহুলকে ভালোবাসি। ওর সঙ্গেই থাকব, যাই হোক না কেন। আমি ওকে বিয়েই করব।”
স্বপ্নার অভিযোগ, তার স্বামী মদ্যপ অবস্থায় তাকে প্রায়ই মারধর করত। মেয়ের সঙ্গেও তার ঝগড়া লেগেই থাকত। এই পরিস্থিতিতে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানান।
তবে বিষয়টি ভিন্ন দৃষ্টিতে দেখছেন তার মেয়ে। তার দাবি, মা পালিয়ে যাওয়ার সময় সাড়ে তিন লাখ টাকা নগদ ও প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার সঙ্গে করে নিয়ে গেছেন। যদিও স্বপ্নার পাল্টা বক্তব্য, তিনি শুধু একটি মোবাইল ফোন ও ২০০ টাকা সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন।
এদিকে রাহুল জানান, স্বপ্না তাকে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, “ও বলেছিল যদি আমি আলিগড় বাসস্ট্যান্ডে না যাই, তাহলে ও আত্মহত্যা করবে। তাই আমি গিয়েছিলাম। পরে আমরা লক্ষ্ণৌ হয়ে মুজাফফরপুরে যাই।”
প্রথমে রাহুল বিষয়টি নিয়ে মুখ খুলতে দ্বিধা প্রকাশ করেন। বলেন, “তেমন কিছু না।” তবে পরে তিনি স্বপ্নাকে বিয়ের সিদ্ধান্তের কথা জানান।
স্বপ্নার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা তাকে আর ঘরে ফিরতে দেবেন না। তার স্বামীর পরিবারের পক্ষ থেকেও স্পষ্ট করে জানানো হয়েছে, স্বপ্না নিয়ে যাওয়া অর্থ ও গহনা ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বপ্নার সাবেক স্বামীর ভাই বলেন, “আমার ভাইয়ের সংসারটা ও ভেঙে দিয়েছে। আমরা শুধু আমাদের জিনিসগুলো ফেরত চাই।”
এ ঘটনার বিষয়ে পুলিশকে প্রশ্ন করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

