২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর সেরা নির্বাচিত হয়েছে গাজার এক ছোট্ট বালকের হৃদয়বিদারক ছবি। বৃহস্পতিবার ১৭ এপ্রিল, এই পুরস্কার ঘোষণা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ী ছবিটি তুলেছেন গাজারই সাংবাদিক সামার আবু আল উউফ। ছবিটি প্রথম প্রকাশিত হয় মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসে। ছবিতে দেখা যায়, ৯ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মাহমুদ আজজুর দু’হাতহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। তার চেহারায় বিষণ্নতা। চোখে-মুখে গভীর যন্ত্রণা আর হতবাক নিস্তব্ধতা। ছবিটি একটি দৃশ্য হলেও সেটি বহন করে বহু শব্দের চেয়েও বেশি তীব্র বার্তা।
মাহমুদের এই অবস্থা হয় ২০২৪ সালের মার্চে এক ইসরায়েলি হামলার পর। সেই হামলায় সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হয়।
সাংবাদিক সামার জানান, মাহমুদের মা তাকে বলেছিলেন, “যখন মাহমুদ বুঝতে পারে তার হাত কেটে গেছে, তখন সে প্রথম বলেছিল— ‘আমি এখন কীভাবে তোমাকে জড়িয়ে ধরব, মা?’”
ছবিটি কেবল একজন শিশুর কষ্ট নয়, এটি গোটা একটি যুদ্ধের প্রতিচ্ছবি। ওয়াল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা আল-জাইন খুরি বলেন, “ছবিটি নিঃশব্দ কিন্তু এর ভেতরের বার্তা অনেক গভীর। এটি এমন একটি গল্প বলছে যা বহু প্রজন্মের ওপর প্রভাব ফেলবে।”
জুরি বোর্ড ছবিটির আলো, ছায়া ও কম্পোজিশনের প্রশংসা করে জানিয়েছে। এতে যুদ্ধের ধ্বংসযজ্ঞ, শিশুদের ভবিষ্যৎ, মানবিকতা ও সাংবাদিকদের ওপর দমন-পীড়নের বাস্তবতা ফুটে উঠেছে।
বিচারকদের মতে, গাজার যুদ্ধবিধ্বস্ত অবস্থা, সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা এবং টার্গেট করে হামলা চালানোর বিষয়ও ছবিটিতে স্পষ্ট হয়েছে।
বর্তমানে মাহমুদ দোহার এক হাসপাতালে চিকিৎসাধীন। সে এখন পা দিয়ে মোবাইল গেম খেলা, লিখতে শেখা এবং দরজা খোলার মতো কাজ শিখছে। তবে খাওয়া, পোশাক পরা এবং অন্যান্য দৈনন্দিন কাজে এখনো তাকে বিশেষ সহায়তা নিতে হয়।
ওয়ার্ল্ড প্রেস ফটো কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদের স্বপ্ন খুব সাধারণ। সে শুধু কৃত্রিম হাত চায় এবং চায় অন্য সব শিশুর মতো স্বাভাবিক জীবন যাপন করতে।

