ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এল সালভাদর বংশোদ্ভূত কিলমার আবরেগো গার্সিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার এল সালভাদরের কারাগারে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এই ডেমোক্র্যাট সিনেটর জানিয়েছেন, তিনি কিলমারের সঙ্গে দেখা করে তার পরিবারের খোঁজখবর এবং ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছেন।
২৯ বছর বয়সী কিলমার ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০১৯ সালে মেরিল্যান্ডে গ্রেপ্তারের সময় এক অভিবাসন বিচারক তাকে দেশে ফেরত না পাঠানোর নির্দেশ দেন, কারণ ফেরত পাঠালে তার জীবনের ঝুঁকি রয়েছে বলে তখনকার পর্যবেক্ষণ ছিল। কিন্তু চলতি বছরের ১৫ মার্চ, কোনো আইনি শুনানি ছাড়াই কিলমারকে এল সালভাদরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তাকে রাখা হয় দেশটির ‘সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেররিজম’ নামক সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে।
মার্কিন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। তবে কিলমারকে ফিরিয়ে আনতে আদালতের আদেশ থাকা সত্ত্বেও এখনো তাকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছে প্রশাসন। হোয়াইট হাউস দাবি করছে, কিলমার আন্তর্জাতিক গ্যাং এমএস-১৩-এর সদস্য, যা যুক্তরাষ্ট্রে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। তবে তার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে কিলমারকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে কিলমারের অবস্থার জন্য উদ্বেগ প্রকাশকারী সিনেটরের উদ্যোগকে উপহাস করেন। উল্লেখযোগ্য, কিলমার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডেই বসবাস করতেন এবং সেখানেই তার পরিবার রয়েছে।
সিনেটর ভ্যান হোলেন বলেন, “আমার সফরের মূল উদ্দেশ্যই ছিল কিলমারের সঙ্গে দেখা করা। আমি দেশে ফিরে এই বিষয়ে হালনাগাদ তথ্য দেব।” তিনি আরো বলেন, কারাগারে প্রবেশের আগে সশস্ত্র রক্ষীরা তাকে থামিয়ে দেন, তবে পরে দেখা করার অনুমতি দেওয়া হয়।
এই ঘটনা এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে প্রশাসন ও আদালতের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি শুধু অভিবাসন নয় বরং মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত বহন করে।

