মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এই শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০ শতাংশই ভারতীয় নাগরিক। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ, যিনি বিষয়টি নিয়ে মোদী সরকারের নীরবতার প্রশ্ন তুলেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই শিক্ষার্থীরা “রাষ্ট্রদ্রোহী” কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তাদের ভিসা বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা প্রতিদিন বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করি। যারা আমাদের নীতির বিরুদ্ধে কাজ করে, তাদের ভিসা বাতিল করা হবে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জয়রাম রমেশ বলেন, ভিসা বাতিলের কারণগুলি অস্পষ্ট এবং অস্বচ্ছ। এটি ভারতীয়দের জন্য উদ্বেগের বিষয়। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। অনেক শিক্ষার্থী এই সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন।

