চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে শুল্ক ইস্যুতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে আলোচনা করছে এবং তিনি আশাবাদী যে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমরা চীনের সঙ্গে কথা বলছি। তারা বেশ কয়েকবার যোগাযোগ করেছে।” তিনি আরও জানান, চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বৃদ্ধির পর থেকেই এ আলোচনা শুরু হয়েছে।
ট্রাম্প স্বীকার করেছেন যে অতিরিক্ত শুল্ক আরোপ করলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পেতে পারে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, “একটি নির্দিষ্ট পর্যায়ে, মানুষ আর কিনবে না।”
চীনের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি কথা বলিনি, তবে এটি স্পষ্ট যে তিনি চেষ্টা করেছেন, এবং আমরা শীঘ্রই এটি নিয়ে কথা বলব।”
চীনও সম্প্রতি জানিয়েছে যে তারা শুল্ক ইস্যুতে আর উত্তেজনা বাড়াতে চায় না, যা উভয় দেশের মধ্যে আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

