বিশ্ববাণিজ্যে উত্তেজনার মধ্যেই চার দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র শুল্কবিরোধ ও বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শুক্রবার ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে সেখান থেকে ভারত যাবেন ভ্যান্স। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে অর্থনীতি ও ভূরাজনীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরের প্রথম দিন, আগামী সোমবার (২১ এপ্রিল), উভয় দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা এবং আসন্ন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিবিসি জানিয়েছে, কয়েক মাসের মধ্যেই ভারত-যুক্তরাষ্ট্র একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারে।
জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ বছরের জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এখনো কোনো আন্তর্জাতিক সফরে না গেলেও- ভ্যান্স বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ রক্ষায় সক্রিয়।
এই সফরের আগমুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার দেশগুলো সফর শেষ করেছেন। মালয়েশিয়া সফরসহ ওই অঞ্চলে চীনকে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে তুলে ধরার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর সম্পন্ন করেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ফলে বৈশ্বিক বাণিজ্যে চাপ তৈরি হয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এর পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। তবে চীন বাদে অন্যান্য দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্প ৯০ দিনের জন্য স্থগিত করেছেন।
এই অবস্থায় ভারতও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক হ্রাস করেছে। মার্কিন হুমকির পরিপ্রেক্ষিতে আরও বিস্তৃত পরিসরে শুল্ক পুনর্বিবেচনার কথা ভাবছে ভারত। উল্লেখ্য কয়েক মাস আগেও যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৯০ বিলিয়ন ডলার।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের পর এই সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

