ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়াক্ফ সংশোধনী আইন ঘিরে সাম্প্রতিক সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে ‘অযৌক্তিক’ ও ‘ছলনাপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার (১৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় রণধীর জয়সওয়াল বলেন, “পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে যে মন্তব্য এসেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি। এটি একটি ছলনাপূর্ণ প্রচেষ্টা, যা ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার চেষ্টা মাত্র।”
তিনি আরো বলেন, “অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে, তাহলে আরও ভাল করবে।”
উল্লেখ্য ২ এপ্রিল ভারতের পার্লামেন্টে ‘সংশোধিত ওয়াক্ফ বিল, ২০২৫’ পাস হয় এবং ৮ এপ্রিল তা কার্যকর হয়। এর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ কয়েকটি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে তিনজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মন্তব্যকে ‘অযৌক্তিক’ ও ‘ছলনাপূর্ণ’ বলে অভিহিত করে, বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে।

