ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় অগ্নিকাণ্ড ও পরবর্তী ডুবির ঘটনায় অন্তত ১৪৮ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় রাতে মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা যাওয়ার পথে এমবানদাকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এবং পুলিশ সূত্রে জানা গেছে, এইচ বি কঙ্গোলো নামের নৌকাটিতে দুর্ঘটনার সময় নারী ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিলেন। কঙ্গোর নদী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কম্পেটেন্ট লোয়োকো অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নৌকার ডেকে এক নারী রান্না করছিলেন- সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার পর প্রায় ১০০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌ দুর্ঘটনা কঙ্গোতে নতুন নয়। দেশের নানা প্রান্তে গণপরিবহন হিসেবে ব্যবহৃত নৌকাগুলোর অধিকাংশই পুরনো ও রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর সঙ্গে অতিরিক্ত যাত্রী ও মালবোঝাইয়ের প্রবণতা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয়।
এর আগে চলতি বছরের শুরুতে কঙ্গোর পূর্বাঞ্চলে কিভু হ্রদে নৌকা ডুবির ঘটনায় ৭৮ জন এবং ডিসেম্বর মাসে পশ্চিমাঞ্চলে আরও একটি ঘটনায় ২২ জনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটিতে নৌ-পরিবহন দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

