ভারতের রাজধানী নয়াদিল্লির মুস্তাফাবাদ এলাকায় শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে একটি চারতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরো অন্তত ১২ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী এবং দিল্লি পুলিশ। সূত্র: ইন্ডিয়া টুডে
স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই ভবনটি ধসে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবন ধসের সঙ্গে সঙ্গে চারদিকে ধুলোর ঘূর্ণি ছড়িয়ে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গলিতে।
রাত ৩টার দিকে পুলিশকে দুর্ঘটনার খবর জানানো হয়। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বিভিন্ন বাহিনী। এখনও পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, তাঁদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।
উদ্ধার কাজে ধীরগতির কারণ হিসেবে এনডিআরএফ কর্মকর্তারা জানান, ভবনটি অত্যন্ত সরু গলিতে অবস্থিত হওয়ায় ভারী যন্ত্রপাতি প্রবেশ করানো সম্ভব হচ্ছে না। ফলে হাতেকলমে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
দিল্লিতে এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় ভবনধসের ঘটনা ঘটল। এর আগে মধু বিহারে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে এক ৬৭ বছর বয়সী ব্যক্তি এবং করোল বাগে একটি নতুন নির্মিত বারান্দা ধসে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধসে পড়া ভবনটির নির্মাণের অনুমোদন ও কাঠামোগত নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদ করার কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

