ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় চলমান যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দেন।
শনিবার (১৯ এপ্রিল) রাতে এক ভাষণে তিনি বলেন, “যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।”
এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারই ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ গত ১৮ মাস ধরে চলমান এবং এতে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক মানুষ।
সামরিক তথ্যের ভিত্তিতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় ১৮৫ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে, যা উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ। গাজার বিভিন্ন অংশে নিরাপত্তা অঞ্চল সৃষ্টি করা হয়েছে এবং তিনটি করিডর গড়ে তোলা হয়েছে: ফিলাডেলফি, মোরাগ, এবং নেতজারিম করিডর, যা গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে।

