কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার লিবারেল পার্টির নির্বাচনী রূপরেখা প্রকাশ করেছেন, যেখানে তিনি প্রতিরক্ষা খাতে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের ওপর কানাডার নির্ভরতা কমানোর লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেন, কানাডাকে আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, বিশেষত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্ক কার্নি কানাডার প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের কথা বলেছেন, যেখানে তিনি ঘোষণা করেছেন যে কানাডা তার জিডিপির ২ শতাংশের বেশি ব্যয় করবে, যা ন্যাটোর মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এ ছাড়াও, নতুন সাবমেরিন, ড্রোন এবং বরফভেদকারী জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে, এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিরাপত্তা জোট আরও জোরদার করার কথাও জানিয়েছেন তিনি।
এ ছাড়া কার্নি আয়কর হ্রাস এবং একটি নতুন বাণিজ্য বহুমুখীকরণ তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, কানাডার বাজেট আগামী তিন বছরের মধ্যে ভারসাম্যপূর্ণ করা হবে, তবে স্বাস্থ্যসেবা ও পেনশন খাতে কোনো কাটছাঁট করা হবে না।
এদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়েভরে-র নেতৃত্বে পার্টি প্রতিরক্ষা খরচ বাড়ানোর পক্ষে, তবে বিদেশি সহায়তা খাতে ব্যয় কমানোর প্রস্তাব দিয়েছে।
কার্নির বক্তব্যে উল্লেখযোগ্য ছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্প্রতি কানাডার ওপর শুল্ক আরোপ এবং কানাডাকে ৫১তম মার্কিন রাজ্য হিসেবে ঘোষণা করার হুমকি সম্পর্কে। তিনি বলেন, “আমেরিকা আমাদের ভাঙতে চায় যাতে তারা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না।”

