গাজায় আটক ইসরায়লি নাগরিক এলকানা বোহবোটের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। এটি তার তৃতীয় ভিডিও। এতে বোহবোটকে একটি ‘প্রতীকী’ টেলিফোন কলে পরিবারের উদ্দেশে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি জীবিত অবস্থায় বাড়ি ফেরার আকুতি জানান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানিয়েছে।
ভিডিওতে বোহবোট বলেন, “আমার জন্য সবকিছু করতে থাকো। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সকলের কাছে আবেদন জানাচ্ছি।” একইসঙ্গে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে তিনি বলেন, “আমার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। আমি ভয় পাচ্ছি যে, হয়তো মারা যাবো।”
এই ভিডিও প্রকাশ এমন সময় এসেছে যখন হামাস সম্প্রতি ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে হামাসের ওপর চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলে তারা অবশিষ্ট সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত।
বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়লি নাগরিক জিম্মি অবস্থায় আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে প্রায় ২৪ জন এখনো জীবিত।
উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়, এতে অন্তত ১,২০০ ইসরায়লি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই গাজায় বড় পরিসরের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যার ফলে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলমান এই সংঘাতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় জানুয়ারি মাসে শান্তি উদ্যোগ শুরু হয় কিন্তু চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করেই ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার সামরিক অভিযান শুরু করে। নতুন করে চালানো হামলায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করছে দখলদার বাহিনী।
এই প্রেক্ষাপটে হামাসের ভিডিও প্রকাশ এবং জিম্মিদের করুণ আর্তি যুদ্ধবিরতির চেষ্টাকে আরো জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

