সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে আবারো রাজপথে নেমেছেন হাজারো মার্কিন নাগরিক। শনিবার দেশব্যাপী আয়োজিত ‘৫০৫০১’ আন্দোলনের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‘৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন’ স্লোগানে এই প্রতিবাদ কর্মসূচি যুক্তরাষ্ট্রের বিপ্লবের সূচনার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়। হোয়াইট হাউস, টেসলা ডিলারশিপ ও নগরের গুরুত্বপূর্ণ কেন্দ্রে হাজারো মানুষ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেন।
বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন নীতি, গাজা ও ইউক্রেন পরিস্থিতি মোকাবেলায় তাঁর অবস্থান এবং সরকারি খাতে কর্মী ছাঁটাইয়ের সমালোচনা করেন। ‘রাজতন্ত্রকে না বলুন’, ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’, ‘অভিবাসীদের সুরক্ষা দাও’– এমন নানা বার্তা লেখা প্ল্যাকার্ড ও পোস্টার বহন করেন তারা। শ্রম অধিকার, জলবায়ু সুরক্ষা এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের দাবিও উঠে আসে এসব বিক্ষোভে।
বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থানের মাঝেও উত্তেজনার কিছু দৃশ্য ধরা পড়ে। এক্স প্ল্যাটফর্মে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সুহাস সুব্রমানিয়াম একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এক ব্যক্তি ট্রাম্পের পক্ষে পোস্টার নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়লে বিক্ষোভকারীরা তাকে প্রতিক্রিয়া দেখান।
‘৫০৫০১’ আন্দোলনের আয়োজকরা জানিয়েছেন, আগামী ১ মে দেশজুড়ে আবারো বড় ধরনের বিক্ষোভ হবে, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘মে দিবসের শক্তি’।
ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সম্প্রতি নিয়মিত রূপ নিতে শুরু করেছে। এর আগে চলতি মাসের ৫ তারিখে ‘হ্যান্ডস অফ’ নামে একটি বিশাল আন্দোলন হয়, যা এক দিনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ১,২০০টি স্থানে আয়োজিত হয়েছিল। পর্যবেক্ষকদের মতে, সেটিই ছিল ট্রাম্পবিরোধী সবচেয়ে বড় জাতীয় প্রতিবাদ।
জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস লক্ষ্য করা যাচ্ছে। গ্যালাপের এক জরিপে দেখা যায়, দ্বিতীয় মেয়াদের প্রথম কোয়ার্টারে ট্রাম্পের পারফরম্যান্সে ভোটার সমর্থন ৪৫ শতাংশ, যা আগের ৪১ শতাংশ থেকে কিছুটা বেশি হলেও ঊর্ধ্বগতি থেমে গেছে। তবে রয়টার্স/ইপসস-এর জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ৪৭ থেকে কমে ৪৩ শতাংশে নেমেছে। অর্থনীতি ইস্যুতেও তাঁর প্রতি সন্তুষ্টির হার ৪২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে।
বিশ্লেষকদের মতে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিক্ষোভগুলোর রাজনৈতিক ও সামাজিক প্রভাব হবে উল্লেখযোগ্য।

