ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে আবারো ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হুদিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো লক্ষ্য করে অন্তত ১৩টি হামলা চালানো হয়। হুতি-সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম আল মাসিরাহ জানায়, হামলার প্রধান লক্ষ্য ছিল হোদাইদাহর বন্দর ও বিমানবন্দর।
এর পূর্বে ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে চালানো আরেকটি মার্কিন হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছিলেন। চলমান এ অভিযানকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আল মাসিরাহ জানিয়েছে, নতুন করে রাজধানী সানা ও তার আশপাশের এলাকাগুলো- আল-থাওরা, বানি মাতার এবং আল-সাফিয়াহ- তেও হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হুতি নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই আক্রমণ সত্ত্বেও তারা ‘প্রতিরোধমূলক অভিযান’ অব্যাহত রাখবে। হুতি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল-আতিফি বলেন, “আমেরিকার এই আগ্রাসন আমাদের গাজা-সমর্থন দমাতে পারবে না বরং আমাদের দৃঢ়তা আরও বাড়াবে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য হুতিদের দায়ী করে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়।
মার্কিন দাবি অনুযায়ী, গত নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে হুতিরা ১০০-রও বেশি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের ভাষ্য, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত বাণিজ্যিক চলাচল বন্ধের অংশ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন হামলায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, রাস ইসা বন্দরে হামলায় অন্তত পাঁচজন মানবিক সহায়তা কর্মী আহত হয়েছেন এবং সেখানে তেল ও গ্যাস নিঃসরণের ঝুঁকি রয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সতর্ক করেছে, রাস ইসা বন্দর এবং এর সঙ্গে সংযুক্ত তেল পাইপলাইন ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই বন্দরের ওপরই দেশটির ৭০ শতাংশ আমদানি ও ৮০ শতাংশ মানবিক সহায়তা নির্ভর করে, ফলে অব্যাহত বিমান হামলা ইয়েমেনের মানবিক সংকটকে আরও গভীর করতে পারে।

