সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ ও ২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভি ও খালিজ টাইমসের।
প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির তৃতীয় সৌদি সফর। এর আগে তিনি ২০১৬ ও ২০১৯ সালে দেশটিতে সফর করেছিলেন। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন যুবরাজ সালমান। তখন মোদিকে “বড় ভাই” উল্লেখ করে নিজেকে “ছোট ভাই” হিসেবে অভিহিত করেছিলেন তিনি।
ভারত ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে মোদির এবারের সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রীর সফরটি ভারত-সৌদি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও ঘনিষ্ঠ আলোচনা হবে।”
খালিজ টাইমস জানায়, সৌদিতে প্রায় ২৭ লাখ ভারতীয় নাগরিক বসবাস করছেন, যা দেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, অন্যদিকে ভারত সৌদির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত।
এই বাস্তবতায় মোদির সফর শুধু কূটনৈতিক ক্ষেত্রেই নয়, প্রবাসী ভারতীয়দের জন্যও আশাব্যঞ্জক কিছু বার্তা নিয়ে আসবে বলে ধারণা বিশ্লেষকদের।

