খ্রিষ্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “রাশিয়া এখনও ইউক্রেনের আকাশে ড্রোন উড়াচ্ছে, গোলাবর্ষণও অব্যাহত রয়েছে।”
জেলেনস্কির অভিযোগ, “অস্ত্রবিরতির সময়েও ইউক্রেনের ওপর আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কুরস্ক ও বেলগোরোদ অঞ্চলে যুদ্ধ চলছে, ইউক্রেনের বেশ কিছু এলাকায় এখনও রুশ ড্রোন তৎপর।”
এর আগে শনিবার (১৯ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট পুতিন ইস্টার উপলক্ষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন। এ সময় সব ধরনের সামরিক অভিযানের ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি বলেন, “মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” একইসঙ্গে সম্ভাব্য হামলার আশঙ্কায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, “রাশিয়া যদি নিঃশর্তভাবে সম্পূর্ণ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়, তবে ইউক্রেনও তাতে সম্মতি দেবে।”
তবে বাস্তব চিত্র ভিন্ন বলেই দাবি কিয়েভের। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও নানা এলাকায় সংঘর্ষ ও গোলাবর্ষণ চলমান থাকায় এই ঘোষণা শুধুই ‘প্রপাগান্ডা’ হিসেবে দেখছেন অনেকে।
টানা তিন বছর ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে। সংঘাত থামাতে আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র একাধিকবার চেষ্টা করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসার পর নতুন করে শান্তিচুক্তির প্রস্তাব দিলেও রাশিয়ার পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ কিয়েভের।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণা ‘চিত্র-বিভ্রান্তি’ তৈরি করলেও বাস্তবতা বলছে, রাশিয়া এখনো হামলা বন্ধ করেনি। যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ আরও জোরালো হওয়া দরকার।

