কানাডায় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগাম ভোটের প্রথম দিনেই দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। সূত্র: এএফপি
কানাডার নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনেই ২০ লাখের বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন, যা ২০২১ সালের নির্বাচনের তুলনায় ৩৬ শতাংশ বেশি। আগাম ভোট গ্রহণ চলবে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। মূল নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল।
রাজধানী অটোয়াসহ টরন্টো, ভ্যাঙ্কুভার ও মন্ট্রিয়ালের মতো বড় শহরগুলোর বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। কোথাও কোথাও ভোট দিতে গিয়ে ভোটারদের দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, যা কানাডার রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা। এই প্রেক্ষাপটে এবারের নির্বাচন ঘিরে জনগণের আগ্রহকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

