ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনে আবারও রক্তাক্ত হলো গাজা উপত্যকা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সহিংসতায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২০১ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১১৬ হাজার ৮৬৯ জন।
রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে আহত আরও ১৪৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধার সম্ভব হয়নি।
ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে গাজার তথাকথিত “নিরাপদ অঞ্চল” আল-মাওয়াসিরেও। এছাড়া একই দিনে লেবাননেও ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। যদিও এই যুদ্ধবিরতির স্থায়িত্ব ছিল অল্পদিনের। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।
জাতিসংঘের মতে, চলমান সংঘাতে গাজার অন্তত ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের এই সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বাড়ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।
মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে থাকা গাজা এখন কার্যত মৃত্যুপুরী। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

